মৌলভীবাজারে বৃষ্টির পানিতে খেলতে গিয়ে ডুবে একই পরিবারের ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (১ এপ্রিল) দুপুরে কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে মধ্য ফটিকগুলি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো—ওই গ্রামের শিপার আহমদের ছেলে ও মাদ্রাসাছাত্র জিসান আহমেদ (১২), আশিক আলীর ছেলে মাদ্রাসাছাত্র ইমাদ আহমেদ (৯) এবং শাহেব আলীর ছেলে স্কুলছাত্র লাবিব আহমেদ (৭)। নিহতরা সবাই একে অপরের নিকটাত্মীয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে হঠাৎ কালবৈশাখী ও বৃষ্টিতে এলাকার নিচু ফসলি জমি পানিতে তলিয়ে যায়। দুপুর দুইটার দিকে ওই তিন শিশু বাড়ির পাশের ওই জমিতে খেলতে নামে। খেলার একপর্যায়ে (যেখান থেকে সম্প্রতি মাটি কাটা হয়েছিল) তারা তিনজনই পড়ে গিয়ে পানিতে ডুবে যায়। এ সময় এক পথচারী তাদের ডুবতে দেখে চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে এসে শিশুদের উদ্ধার করে নিকটস্থ রবিরবাজারের একটি ক্লিনিকে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দা জুনেদ আহমদ জানান, বৃষ্টির পানি জমে থাকা গর্তের গভীরতা বুঝতে না পারায় এই দুর্ঘটনা ঘটেছে। একই পরিবারের তিন শিশুর এমন মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে চারপাশ।
এ বিষয়ে কুলাউড়া থানার ওসি মনিরুজ্জামান মোল্লাহ এশিয়া পোস্টকে বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসা হবে।