Image description

কিশোরগঞ্জ সদরে লতিবাবাদ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বাবুলকে তার নিজ রেস্টুরেন্ট থেকে তুলে নিয়ে হাত-পা ভাঙার অভিযোগ উঠেছে। এ সংঘর্ষের ঘটনায় স্থানীয় রাজনীতিতে নতুন উত্তেজনা ছড়িয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে আঞ্চলিক পাসপোর্ট অফিস সংলগ্ন কাটাবাড়িয়া এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয়দের বর্ণনায়, মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে বাবুলকে তার দোকান থেকে তুলে নিয়ে নির্জন স্থানে বেধড়ক মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মামলার অভিযোগে সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদকে প্রধান অভিযুক্ত করা হয়েছে।

এ ঘটনার পেছনে শুধু সাম্প্রতিক চাঁদা না দেওয়ার বিষয় নেই বলে স্থানীয়রা মনে করছেন। জানা যায়, গত ২৮ জানুয়ারি একই এলাকায় আব্দুল হাকিম নামে এক যুবককে ছিনতাই করার অভিযোগে ডেকে নিয়ে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, জনসমক্ষে হাকিমকে মাটিতে ফেলে মারধর করা হচ্ছে, যেখানে যুবদল সভাপতি বাবুল ও তার সহযোগীরা সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। এরপর তাকে পুলিশের কাছে ছিনতাইকারী হিসেবে হস্তান্তর করা হয়।

স্থানীয়দের মতে, এই ঘটনার পর থেকেই এলাকার দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও দ্বন্দ্ব বিরাজ করছে। একাধিক সূত্র জানাচ্ছে, হাকিমের ঘটনা একপাক্ষিক ছিল না এবং তার জের ধরেই এলাকায় দীর্ঘদিন ধরে বিরোধ চরমে পৌঁছেছে।

একজন স্থানীয় ব্যবসায়ী মন্তব্য করেছেন, এখানে কে ভিকটিম আর কে অপরাধী এটা সরল নয়। সবাই কোনো না কোনোভাবে জড়িত। সঠিক তদন্ত ছাড়া ঘটনা বোঝা কঠিন।

আহত বাবুল বলেন, পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকার প্রভাবশালী চক্র সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত অর্থ আদায় করে আসছে। সম্প্রতি তার রেস্টুরেন্ট থেকে ৬ হাজার টাকা চাঁদা দাবি করলে তিনি তা দিতে অস্বীকৃতি জানিয়ে থানায় অভিযোগ করেন। বাবুল দাবি করেন, হামলাটি বিএনপি নেতা শহীদুল ইসলাম শহীদের নির্দেশে ঘটেছে।

অন্যদিকে অভিযুক্ত শহীদুল ইসলাম শহীদ বিষয়টি ষড়যন্ত্র হিসেবে খণ্ডন করেছেন। তিনি বলেন, বাবুলের সঙ্গে তার কোনো বিরোধ নেই এবং তিনি চাঁদাবাজির সঙ্গে জড়িত নন।

কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম ভূঁইয়া জানিয়েছেন, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তিনি বলেন, হামলার সঙ্গে পূর্বে ঘটে যাওয়া সহিংস ঘটনাগুলোর কোনো যোগসূত্র আছে কিনা এবং পাসপোর্ট অফিস সংলগ্ন চাঁদাবাজি বা আধিপত্য বিস্তারের বিষয় থাকলে তা খতিয়ে দেখা হচ্ছে। সব দিক বিবেচনায় নিয়ে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শীর্ষনিউজ