Image description

জাতীয় সংসদের অধিবেশনে সাউন্ড সিস্টেম বিভ্রাট ও বিভিন্ন অনিয়মের অভিযোগে গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেনকে বদলি করা হয়েছে।

 

বুধবার (১ এপ্রিল) গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

 

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেনকে গণপূর্ত ই/এম বিভাগ-১২ থেকে ঢাকায় বদলি করা হয়েছে। তাকে আগামী ২ এপ্রিলের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। অন্যথায় আগামী রোববার (৫ এপ্রিল) থেকে তিনি তাৎক্ষণিকভাবে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তিনি নতুন কর্মস্থলেই দায়িত্ব পালন করবেন।

 

 

জারি করা প্রজ্ঞাপন। ছবি : সংগৃহীত
জারি করা প্রজ্ঞাপন। ছবি : সংগৃহীত

 

গত ১২ মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। উদ্বোধনী অধিবেশনেই স্পিকার হাফিজ উদ্দিন আহমদসহ সংসদ সদস্যরা সাউন্ড সিস্টেম ও হেডফোনে মারাত্মক বিভ্রাটের সম্মুখীন হন। যান্ত্রিক ত্রুটির কারণে একপর্যায়ে স্পিকার হ্যান্ডমাইক ব্যবহার করে অধিবেশন মুলতবি করতে বাধ্য হন। নতুন সংসদের প্রথম দিনেই এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় সংসদ সদস্য ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে।

 

এরপর সাউন্ড সিস্টেমের এই বিপর্যয় কোনো ‘সাবোটাজ’ বা অন্তর্ঘাতমূলক কি না, তা খতিয়ে দেখতে গত ২৮ মার্চ একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে সংসদীয় কমিটি। কমিটিকে ৩ এপ্রিলের মধ্যে বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত চলাকালীন এবং কমিটি গঠনের মাত্র ৪ দিনের মাথায় দায়িত্বপ্রাপ্ত এই প্রকৌশলীকে বদলি করা হলো।

 

গণপূর্ত অধিদপ্তর সূত্রে আরও জানা গেছে, শব্দযন্ত্রের স্থায়ী সমাধান এবং ভবিষ্যতে এ ধরনের লজ্জাজনক পরিস্থিতি এড়াতে তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।