Image description

সিলেট থেকে নির্বাচনি প্রচারণা শুরু করে প্রধানমন্ত্রী হবার পর প্রথমবারের মতো ৩০ এপ্রিল সিলেট আসছেন তারেক রহমান। তিনি ওই দিন বৃহস্পতিবার সিলেট জেলা স্টেডিয়াম থেকে প্রথমবারের মতো দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করবেন।

 

বুধবার (১ এপ্রিল) দুপুরে সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শনে এসে এই তথ্য জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

স্টেডিয়াম পরিদর্শন শেষে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, সবকিছু ঠিক থাকলে ৩০ এপ্রিল প্রধানমন্ত্রী স্ব শরীরে সিলেট জেলা স্টেডিয়ামে উপস্থিত হয়ে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করবেন।

একইসময়ে সারাদেশে সব জেলায় একসঙ্গে এটি উদ্বোধন হবে। নতুন কুঁড়ি স্পোর্টসে ফুটবল, ক্রিকেটসহ ৭টি ইভেন্ট থাকবে। প্রধানমন্ত্রীর সফর সফল করতে সবার সহযোগিতা চাচ্ছি।

ক্রীড়া প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী শিক্ষাবর্ষে ৪র্থ শ্রেণী থেকে ক্রীড়াকে বাধ্যতামূলক করা হবে। সরকারের পক্ষ থেকে ক্রীড়া বৃত্তি প্রদান করা হবে। একটি ক্রীড়া বান্ধব পরিবেশের মাধ্যমে একটি সুস্থ জাতি, মাদক মুক্ত সমাজ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শনকালে স্টেডিয়ামের অব্যবস্থাপনা ও জরাজীর্ণ অবস্থা দেখে ক্ষোভ প্রকাশ করেন।

তিনি বিগত সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার উন্নয়নের নামে মেগা দুর্নীতি করেছে৷ এ-কারণে সিলেট জেলা স্টেডিয়ামের জরাজীর্ণ অবস্থা, সেটা দুঃখজনক।

প্রতিমন্ত্রী বলেন, সিলেটসহ সারা দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী ইতোমধ্যে সকল জাতীয় ক্রীড়াবিদদের বেতন কাঠামোর আওতায় এনে ক্রীড়া ভাতা প্রদান করেছেন।

সম্মানী হিসেবে ক্রীড়া কার্ড প্রদান করা হয়েছে জানিয়ে তিনি বলেন, গত একবছরে দেশের হয়ে পদক জেতাদের পুরস্কৃত করা হয়েছে। প্রথম দিন ১২৯ জনকে ক্রীড়া আওতায় আনা হয়েছে, আগামী ৭ দিনের ভিতরেই বাকি ৫'শ জনকে প্রদান করা হবে।

মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চেীধুরী প্রমুখ।

এসময় প্রধানমন্ত্রীর পূর্ণাঙ্গ সফরসূচি পরবর্তীতে জানানো হবে বলে জানান জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।

প্রসঙ্গত, গত ২১ জানুয়ারি সিলেট থেকে নির্বাচনি প্রচারণা শুরু করেন বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান। গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে বিএনপি বিজয়ী হয়ে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।