রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগ।
গ্রেপ্তারকৃতরা হলেন— ইদ্রিস আলী (৪২), রুহুল আমিন (৪০), জহিরুল ইসলাম (২৯), ফিরোজ উদ্দিন (৩৭), শাহজাহান (২৯) ও রাশেদুল ইসলাম (২০)।
বুধবার (১ এপ্রিল) বিকেলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি জানান, মঙ্গলবার (৩১ মার্চ) রাত আনুমানিক ৭টা ২০ মিনিটে বায়তুল মোকাররম এলাকায় একটি অস্থায়ী হার্ডওয়্যারের দোকানে আকস্মিক অভিযান পরিচালনা করা হয়।
এ সময় সন্দেহভাজনদের আটক করে তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে ৩৫টি অবৈধ সুইচ গিয়ার, ১৩টি বিভিন্ন ধরনের চাকু, ৩টি চাইনিজ কুড়াল, ৩টি চাইনিজ হাতুড়ি, ৫টি শক গান এবং ৫টি পাঞ্জা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা দেশীয় অস্ত্র ব্যবহার করে ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল।
পুলিশ আরও জানায়, বুধবার (১ এপ্রিল) সকালে তাদের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত প্রত্যেককে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।