সাবেক প্রেমিকা ইডেন কলেজ ছাত্রীকে শ্লীলতাহানির মামলায় তরুণ গায়ক আবু জাহিদ ওরফে জাহিদ অন্তুকে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার (১ এপ্রিল) তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
প্রসিকিউশন বিভাগের এসআই তাহমিনা আক্তার বলেন, গ্রেপ্তারের পর আসামি জাহিদ অন্তুকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই কে.এম. রাশিদুর রহমান। আসামির পক্ষের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। তবে বৃহস্পতিবার (২ এপ্রিল) শুনানি করবেন বলে আদালতকে জানান। আদালত তাকে কারাগারে পাঠিয়ে জামিন শুনানির দিন বৃহস্পতিবার ধার্য করেছেন।
বুধবার (১ এপ্রিল) সকালে গুলশান অ্যাভিনিউ থেকে জাহিদ অন্তুকে গ্রেপ্তার তথ্য জানান তদন্তকর্তা রাশিদুর রহমান।
মামলার অভিযোগ থেকে জানা যায়, গত বছর টিএসসিতে গিটার ক্লাস চলাকালে জাহিদের সঙ্গে ওই ছাত্রীর পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তাদের বিচ্ছেদ হয়, যোগাযোগ বন্ধ হয়। জাহিদের বাসায় একটি পণ্যের ফটোশুটের কথা ছিল। ২৭ মার্চ সন্ধ্যা ৬টার দিকে জাহিদ তার হোয়াটসঅ্যাপ নম্বর থেকে কথা হয় এবং বাসায় যেতে বলে। গতকাল সন্ধ্যায় গুলশানের জাহিদের বাসায় যান ওই ছাত্রী।
বাসায় যাওয়ার পর জাহিদ তার ইচ্ছার বিরুদ্ধে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন নিপীড়ন ও শ্লীলতাহানি ঘটান। এতে বাধা দিলে জাহিদ তাকে এলোপাতাড়ি মারধর করেন, যার ফলে তার মুখ, গলা ও মাথায় জখম হয়। পরবর্তীতে ওই শিক্ষার্থী কৌশলে বাসা থেকে বের হয়ে স্বজনদের সহায়তায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।
ওই ঘটনায় ভুক্তভোগী নারী শিক্ষার্থী গুলশান থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। মামলা দায়েরের পর গ্রেপ্তার হন জাহিদ।