Image description

জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের রায় উপেক্ষা করা হলে দেশে জনআস্থার সংকট তৈরি হবে বলে সতর্ক করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব। তিনি বলেন, জনআস্থার সংকট বিপজ্জনক পরিস্থিতির জন্ম দিতে পারে।

 

বুধবার (১ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেন তিনি।

 

গণ-অভ্যুত্থান শুধু রাজনৈতিক পরিবর্তনের জন্য নয় জানিয়ে আবদুর রব বলেন, রক্তাক্ত জুলাই গণ-অভ্যুত্থানের পর জাতীয় সনদ বাস্তবায়নের প্রশ্নে গণভোটের যে অঙ্গীকার করা হয়েছিল, তা ছিল সুস্পষ্ট এবং সর্বদলীয় সমর্থনপ্রাপ্ত। এই অভ্যুত্থান শুধু রাজনৈতিক পরিবর্তন নয়, বরং জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে রাষ্ট্রক্ষমতার উৎস পুনর্নির্ধারণের একটি ঐতিহাসিক প্রচেষ্টা।

 

তিনি বলেন, গণভোট থেকে সরে আসা নিছক মতপার্থক্য নয়, এটি জনগণের সঙ্গে সম্পাদিত ‘সামাজিক চুক্তি’র লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে।

 

তার মতে, রাষ্ট্রের বৈধতা জনগণের সরাসরি সম্মতি থেকেই আসে এবং জাতীয় সনদ সেই সম্মিলিত জনআকাঙ্ক্ষার প্রতিফলন।

 

গণভোটের বাধ্যবাধকতা এড়িয়ে গেলে জনআস্থার সংকট তৈরি হবে বলে উল্লেখ করেন আবদুর রব। তিনি বলেন, গণভোটকে পাশ কাটিয়ে অন্য কোনো প্রক্রিয়ায় সনদ বাস্তবায়নের চেষ্টা অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রের পরিপন্থি হবে এবং অভ্যন্তরীণ পরাধীনতাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারে। সরকার যদি গণভোটের বাধ্যবাধকতা এড়িয়ে যায় বা তা স্থগিত করে, তবে তা গভীর জনআস্থার সংকট সৃষ্টি করবে।

 

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, ইতিহাস প্রমাণ করে—জনগণকে পাশ কাটিয়ে স্থিতিশীলতা প্রতিষ্ঠার চেষ্টা সবসময় ব্যর্থ হয়েছে এবং তা ভয়াবহ অস্থিরতার জন্ম দিয়েছে। তাই সরকারের রাজনৈতিক সততার মানদণ্ড হিসেবে ঘোষিত অঙ্গীকার রক্ষা করা জরুরি।

 

জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে হঠকারী সিদ্ধান্ত থেকে বিরত থেকে জনগণের মতামতের প্রতি শ্রদ্ধাশীল থাকার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানান তিনি।