Image description

মাদারীপুরে ডাসার উপজেলায় আদালতের মাধ্যমে বিয়ে করা স্ত্রী অনুশীলা বাড়ৈকে ফিরে পেতে তার বাড়িতে অনশন শুরু করেছেন বিশ্বজিৎ পাত্র নামের এক যুবক।

 

বুধবার (১ এপ্রিল) দুপুরে ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের নবগ্রাম অনুশীলার বাড়িতে অনশনে বসেন বিশ্বজিৎ।

 

জানা গেছে, দুজনই একই গ্রামের বাসিন্দা। ২০১২ সালে সামাজিক যোগাযোগ ফেসবুকের মাধ্যমে তাদের পরিচয় হয়।। একে অপরকে খুদেবার্তা পাঠানোর একপর্যায়ে তাদের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। একই বছর তারা আদালতের মাধ্যমে বিয়ে করেন। অনুশীলার নার্সিং পড়া শেষ হলে চাকরি পান ঢাকার একটি হাসপাতালে। ঢাকায় যাওয়ার পর স্বামীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন অনুশীলা।

 

বিশ্বজিৎ বলেন, অনুশীলার পড়াশোনার পেছনে আমি ১০ থেকে ১৫ লাখ টাকা ব্যয় করেছি। আমরা কোর্ট ম্যারেজ করেছি। সে চাকরি পেয়ে আমাকে ভুলে গেল। সে তো আমার বিয়ে করা স্ত্রী। তাই আমি স্বামীর স্বীকৃতি পেতে আমার স্ত্রী বাড়িতে এসেছি। আমি তাকে না নিয়ে এখান থেকে যাব না। তাকে ছাড়া যদি যাই, তাহলে আমার লাশ যাবে। তাকে আমি আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি।

 

অনুশীলা বাড়ৈর বাবা মনোতোস বাড়ৈ বলেন, আমার মেয়ের বিষয়ে আমি কিছু জানি না। এই ছেলেকে কখনও আমরা দেখিনি। এই ছেলের সঙ্গে তার সম্পর্ক আছে কি না, সেটাও আমরা জানি না।

 

এ বিষয়ে জানতে ফোনে যোগাযোগ করা হলে অনুশীলা বাড়ৈ বলেন, আমি তাকে চিনি না। এ বিষয়ে আমি ক্যামেরায় কথা বলতে রাজি না। আমি একটা চাকরি করি, আমার একটা মান-সম্মান আছে।

 

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, নবগ্রাম এলাকায় এমন একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।