যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী অক্সফোর্ড ইউনিয়ন বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে। অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটির প্রেসিডেন্ট আরওয়া হানিন এলরায়েস স্বাক্ষরিত এক চিঠিতে এ আমন্ত্রণ জানানো হয়। আজ মঙ্গলবার (৩১ মার্চ) এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়f ফারজানা বিষয়টি নিশ্চিত করেছেন।
চিঠিতে আসন্ন অক্সফোর্ড ইউনিয়নের অন্যতম মর্যাদাপূর্ণ বৃহস্পতিবারের বিতর্কে বক্তা হিসেবে সারজিসকে আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী ৩০ এপ্রিল থেকে ১৮ জুন কোন এক বৃহস্পতিবার তিনি অংশগ্রহণ করবেন বলেও চিঠিতে জানানো হয়। এছাড়া বির্তকের বিষয় হিসেবে বলা হয়, আধুনিক তরুণ আন্দোলনকারীরা কি সত্যিই রাজনৈতিক বাস্তবতাকে পুনর্গঠন করছে, নাকি কেবল নিজেকে তুলে ধরার চেষ্টা করছে?
চিঠিতে সারজিসের উদ্দেশ্যে বলা হয়, বাংলাদেশের জেন-জি বিপ্লব এবং পরবর্তী রাজনৈতিক পরিবর্তনে আপনি একজন গুরুত্বপূর্ণ নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে আপনি ২০২৪ সালের সরকারি চাকরির কোটা বিরোধী আন্দোলনে কেন্দ্রীয় ভূমিকা পালন করেন, যা পরবর্তীতে সারা দেশে ছড়িয়ে পড়া গণঅভ্যুত্থানে রূপ নেয় এবং শেখ হাসিনার সরকারের পতনে গিয়ে শেষ হয়। এই সময়ে আপনার নেতৃত্ব, অন্যান্য ছাত্রনেতাদের সঙ্গে, জাতীয় পর্যায়ে ব্যাপক মনোযোগ আকর্ষণ করে—বিশেষ করে ২০২৪ সালের জুলাইয়ের মাঝামাঝি সময়ে আপনার আটক হওয়ার ঘটনাটি আন্দোলনের ব্যাপকতা এবং নেতাদের নেওয়া ঝুঁকিকে স্পষ্ট করে তোলে।