Image description

পারস্য উপসাগরীয় অঞ্চলে যুক্তরাজ্যের এক হাজার সেনা মোতায়েন করা হয়েছে। মধ্যপ্রাচ্য অঞ্চলে সফররত যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি এ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

মঙ্গলবার (৩১ মার্চ) এ সংবাদ প্রকাশ করেছে বিবিসি।

 

গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে জন হিলি জানিয়েছেন, বর্তমানে ওই অঞ্চলে যুক্তরাজ্যের প্রায় এক হাজার সামরিক সদস্য মোতায়েন রয়েছেন। এই সংখ্যার মধ্যে সাইপ্রাসে নিয়োজিত ব্রিটিশ সেনারাও অন্তর্ভুক্ত আছে।

 

পারস্য উপসাগরীয় অঞ্চলে সফরকালে হিলি মিত্র দেশগুলোর জন্য অতিরিক্ত আকাশ প্রতিরক্ষা সহায়তা প্রদানের ঘোষণাও দেন। তিনি বলেন, ইরান ওই অঞ্চলে তাদের হামলার পরিধি ‘বিস্তৃত’ করছে এবং চলমান এই যুদ্ধ আরও ‘কয়েক সপ্তাহ’ স্থায়ী হতে পারে বলে তিনি আশঙ্কা করছেন।

 

যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী আরও জানান, তার মধ্যপ্রাচ্য সফরকালে উপসাগরীয় দেশগুলো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালি’ উন্মুক্ত রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছে। এই গুরুত্বপূর্ণ নৌপথটি সচল রাখতে মিত্র দেশগুলো বিভিন্ন বিকল্প খতিয়ে দেখছে। এ বিষয়ে হিলি বলেন, এর জন্য যুক্তরাষ্ট্রের অংশগ্রহণসহ একটি আন্তর্জাতিক পদক্ষেপ প্রয়োজন হবে।

 

যদিও এই পদক্ষেপের সময়সীমা বা বিস্তারিত কোনো তথ্য তিনি দেননি। তবে তিনি জোর দিয়ে বলেন, চলমান সংঘাতের মাত্রা অবশ্যই ‘কমিয়ে আনতে’ হবে।

 

যুক্তরাজ্য ও ইউরোপীয় দেশগুলোর বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক সমালোচনার বিষয়ে জন হিলি সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি কেবল এটুকুই বলেন যে, সামরিক ও নিরাপত্তা ইস্যুতে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য এখনও নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে।