খুলনার শিববাড়ি মোড় এলাকায় চলন্ত অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে আদ-দ্বীন হাসপাতালের একটি অ্যাম্বুলেন্সে হঠাৎ আগুন লেগে গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়।
তবে অ্যাম্বুলেন্সে কোনো রোগী ছিল না, শুধু চালক ছিলেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
অ্যাম্বুলেন্স চালক মোল্লা সোহাগ বলেন, আদ-দ্বীন হাসপাতাল থেকে ময়লাপোতা মোড়ে যাই। সেখান থেকে অফিসের উদ্দেশ্যে আবার রওনা হই। শিববাড়ি মোড়ে আসার পরে গাড়ি বন্ধ হয়ে যায়। বাঁয়ে তাকিয়ে দেখি আগুন। পেছন থেকে মাথার দিকে আগুনের তাপ লাগে। আগুনের তাপে পেছনের কিছুটা চুলও পুড়ে যায়। দ্রুত গাড়ি থেকে নেমে অফিসকে জানাই। জানানোর পরে দ্রুত ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
আদ-দ্বীন হাসপাতালের ম্যানেজার মো. হোসেন বলেন, অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
খুলনা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরিফ উল হক বলেন, সংবাদ পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৫-১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইঞ্জিনে ওভার হিটের কারণে আগুনের সূত্রপাত হয়েছে। গাড়িটি চলন্ত অবস্থায় বন্ধ হয়ে আগুন লেগে যায়।
সোনাডাঙ্গা মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, মঙ্গলবার দুপুরে আদ-দ্বীন হাসপাতালের একটি অ্যাম্বুলেন্সে ময়লাপোতা হয়ে হাসপাতালের দিকে যাচ্ছিল। চালক যান্ত্রিক ত্রুটির বিষয় বুঝতে পেরে গাড়ি থেকে নেমে যায় এবং শিববাড়ি মোড় অবস্থানরত পুলিশকে বিষয়টি জানায়। পরে পুলিশ ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা আগুন নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।