Image description

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাবজেক্ট র‌্যাংকিং-২০২৬’-এ ইতিহাসে প্রথমবারের মতো স্থান করে নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০টি বিভাগ। দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এটিই সর্বোচ্চ সাফল্য।

গত ২৫ মার্চ প্রকাশিত এই র‌্যাংকিং অনুযায়ী, গত বছরের তুলনায় এক ধাপ এগিয়ে এবার ১০টি বিভাগ স্থান পেয়েছে, যেখানে ২০২৫ সালে ছিল ৯টি। শুক্রবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

প্রতি বছরের মতো এবারও কিউএস বিষয়ভিত্তিক র‌্যাংকিং দুইটি ক্যাটাগরিতে প্রকাশ করা হয়েছে—ব্রড সাবজেক্ট ও ন্যারো সাবজেক্ট। ব্রড সাবজেক্টের পাঁচটি ক্যাটাগরির মধ্যে তিনটিতে স্থান পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

শীর্ষে সোশ্যাল সাইন্স অ্যান্ড ম্যানেজমেন্ট :  

সোশ্যাল সাইন্স অ্যান্ড ম্যানেজমেন্ট ক্যাটাগরিতে বৈশ্বিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৩৭১তম, যা বাংলাদেশের মধ্যে প্রথম। এ ক্যাটাগরির অধীনে অ্যাকাউন্টিং অ্যান্ড ফিন্যান্স (৩০১-৩৭৫), ইকোনমিকস অ্যান্ড ইকোনোমেট্রিকস (৩০১-৩৫০) এবং বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট স্টাডিজ (৪০১-৪৫০) বিভাগ স্থান পেয়েছে।

ন্যাচারাল সায়েন্সে একমাত্র প্রতিনিধি : 

ন্যাচারাল সায়েন্স ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে একমাত্র বিশ্ববিদ্যালয় হিসেবে স্থান পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, যার অবস্থান ৫০১-৫৫০-এর মধ্যে। এ ক্যাটাগরির অধীনে রসায়ন (৫৫১-৬০০), পরিবেশ বিজ্ঞান (৪০১-৪৫০) এবং পদার্থবিদ্যা ও জ্যোতির্বিদ্যা (৫০১-৫৫০) বিভাগ অন্তর্ভুক্ত হয়েছে।

লাইফ সায়েন্সে সীমিত উপস্থিতি :

লাইফ সায়েন্স ও মেডিসিনের ব্রড ক্যাটাগরিতে স্থান না পেলেও, জীববিজ্ঞান বিভাগ ন্যারো সাবজেক্টে ৬৫১-৭০০-এর মধ্যে অবস্থান করেছে।

ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজিতে অগ্রগতি :

ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৩৬৪তম।

এ ক্যাটাগরিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (৫৫১–৬০০), ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (৫০১–৫৫০) এবং মেকানিক্যাল, অ্যারোনটিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং (৫০১–৫৭৫) বিভাগ স্থান পেয়েছে।