ময়মনসিংহের নান্দাইলে ঈদযাত্রাকে কেন্দ্র করে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে সিএনজি ও বাস কাউন্টারগুলোতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার পুরাতন বাসস্ট্যান্ড ও চৌরাস্তায় এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাহ উদ্দিন মাহমুদ। এ সময় বিভিন্ন বাস কাউন্টারে তদারকি করে দেখা যায়, কয়েকটি বাস ও সিএনজিচালিত অটোরিকশা যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করছে।
পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দোষী প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট সিএনজিচালক ও বাস কাউন্টারের দায়িত্বরত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এ সময় মোট অন্তত ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাহ উদ্দিন মাহমুদ জানান, আসন্ন ঈদকে সামনে রেখে যাত্রীদের ভোগান্তি কমাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি সংশ্লিষ্টদের ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
অভিযান চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।