ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মহানবীকে (সা.) নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তি করায় এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার নেকমরদ ইউনিয়নের পারকুন্ডা গ্রাম থেকে বিধান রায় (২৫) নামের ওই যুবককে আটক করা হয়। বিধান রায় ওই গ্রামের মলিন চন্দ্র রায়ের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত বিধান রায় তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে মহানবীকে (সা.) নিয়ে অত্যন্ত কুরুচিপূর্ণ ও আপত্তিকর একটি পোস্ট দেন। মুহূর্তের মধ্যেই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় মুসলমানদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি উত্তপ্ত হতে থাকলে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে রাণীশংকৈল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের শান্ত করার চেষ্টা করে এবং সহযোগিতার ভিত্তিতে বিধান রায়কে আটক করে থানায় নিয়ে আসে।
রাণীশংকৈল থানার ওসি আমানুল্লাহ আল বারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে ওই যুবককে আটক করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে অধিকতর তদন্ত চলছে এবং বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।