Image description

চট্টগ্রামের মিরসরাইয়ে গলায় তসবির দানা আটকে তালহা বিন শহিদ ভূঁইয়া নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬মার্চ) রাতে উপজেলার ৬ নম্বর ইছাখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর ভূঁইয়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশু তালহা স্থানীয় বাসিন্দা শহিদুল ইসলামের ছেলে। তালহার বাবা ব্যবসায়ী ও মা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। শুক্রবার(২৭মার্চ) সকাল ৯টায় নিজ বাড়িতে জানাজা শেষে শিশুটিকে দাফন করা হয়েছে। 

 

শিশুর স্বজন মোরশেদ ভূঁইয়া জানান, খেলা করার সময় হঠাৎ তসবির একটি দানা তালহার গলায় আটকে যায়। এতে শ্বাসকষ্ট শুরু হওয়ায় সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরিবারের সদস্যরা তাকে মুমূর্ষু অবস্থায় মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (মস্তাননগর) হাসপাতালে নিয়ে যান। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

 

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. এরশাদ উল্লাহ বলেন, গলায় তসবিহ দানা আটকে এক শিশুর মৃত্যু হয়েছে। মূলত গলায় দানা আটকে শ্বাসনালি বন্ধ হয়ে যাওয়ায় তার মৃত্যু হয়। পরে আমরা লাশ পরিবারের কাছে বুঝিয়ে দিয়েছি।