কুমিল্লার লাকসাম উপজেলায় একটি ডোবা থেকে বিপুল সংখ্যক দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৭ মার্চ) বিকেলে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আহাম্মদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের ফসলি মাঠে আবুল হাসেমের একটি ডোবা রয়েছে। বৃহস্পতিবার ওই ডোবাটি সেচ দেওয়ার পর সেখানে বিপুলসংখ্যক দেশীয় অস্ত্র দেখতে পান স্থানীয়রা।
পুলিশ ও এলাকাবাসীর ধারণা, কোনো সহিংস ঘটনার উদ্দেশে দুর্বৃত্তরা এসব দেশীয় অস্ত্র মজুদ করে রেখেছিল। পরবর্তীতে আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে তারা অস্ত্রগুলো ডোবায় ফেলে দেয়।
এ বিষয়ে লাকসাম থানার ওসি মাকসুদ আহাম্মদ বলেন, ‘এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো সহিংসতা প্রতিরোধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে। এ ক্ষেত্রে এলাকাবাসীর সহযোগিতা প্রয়োজন।’