Image description

সিলেটের গোয়াইনঘাট উপজেলার একটি ইউনিয়ন ভূমি অফিসে দুই সরকারি কর্মকর্তার মধ্যে হাতাহাতি হয়েছে। পরে এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়।

 

শুক্রবার (২৭ মার্চ) জেলা প্রশাসনের সহকারী কমিশনার এ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার একটি ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা ও অফিস সহায়কের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় অভিযুক্ত এক অফিস সহায়ককে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন।
শুক্রবার জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. জাহিন শাকিল ভূঞা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বৃহস্পতিবার সিলেট জেলা প্রশাসেনর ওই অফিস সহায়ককে বরখাস্ত করার পাশাপাশি ঘটনা তদন্তে একজন কর্মকর্তাকে নিয়োগ করা হয়েছে। তিনি আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন প্রকাশ করবেন।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৫ মার্চ সকাল সাড়ে ৯টার দিকে গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহকারী মো. আয়াত উদ্দিন দেরিতে আসাকে কেন্দ্র করে তার নিয়ন্ত্রক কর্মকর্তা ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেনের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে তা হাতাহাতি এবং শারীরিক সংঘর্ষে রূপ নেয়।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিওতে দেখা যায়, তহশিলদারের রুমের দরজা বন্ধ করে দুজন একে অপরের কলার ধরে কিল-ঘুসি মারছেন। বাইরে থাকা সেবাগ্রহীতারা দরজা খোলার জন্য আহ্বান জানান। পরে দরজা খুললে এক যুবক ভেতরে ঢুকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অফিস সহায়ককে বাইরে বের করে দেন।
স্থানীয়দের কেউ কেউ দাবি করছেন, অর্থ লেনদেন সংক্রান্ত বিরোধ থেকে এই সংঘর্ষের সূত্রপাত। আবার অনেকে অভিযোগ করেছেন অফিসটিতে সেবা পেতে ঘুষ দিতে হয়।

 

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি প্রশাসনের নজরে আসে। পরে তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে অফিস সহকারী আয়াত উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়।
এ ছাড়া ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য একজন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ দিয়েছেন জেলা প্রশাসক (ডিসি)।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের শৃঙ্খলাভঙ্গের ঘটনায় কঠোর অবস্থান নেওয়া হবে এবং ভবিষ্যতে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। একই সঙ্গে সরকারি চাকরি আইন, ২০১৮ অনুযায়ী অভিযুক্তের বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রক্রিয়াও চলমান রয়েছে।