Image description

পটুয়াখালীর দশমিনা উপজেলায় বিয়েবাড়িতে ‘গেটের টাকা’কে কেন্দ্র করে বর ও কনেপক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় বরপক্ষের পক্ষ থেকে প্রায় তিন লাখ টাকার ক্ষতির অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বাঁশবাড়ী ইউনিয়নের ঢনঢনিয়া গ্রামের মল্লিক বাড়িতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—বর রাকিব মল্লিকের ছোট ভাই রাসেল মল্লিক (২৫), মামা শফিক হাওলাদার (২৬), মামাতো ভাই শাকিল হোসেন (১৬) এবং কনের মামা জামাল হাওলাদার (৪০)। তাঁদের মধ্যে কয়েকজনকে প্রথমে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে একজনকে উন্নত চিকিৎসার জন্য বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের অনুষ্ঠানে প্রবেশের সময় ‘গেটের টাকা’ দেওয়া-নেওয়া নিয়ে প্রথমে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়। এ সময় এক নারী সদস্য আহত হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং সংঘর্ষে রূপ নেয়।

কনের বাবা সাগর মিয়া জানান, কয়েক মাস আগে পারিবারিকভাবে বিয়ে সম্পন্ন হলেও নির্ধারিত সময় অনুযায়ী আনুষ্ঠানিক আয়োজন উপলক্ষে উভয় পক্ষের যাতায়াত ছিল। এ সময় ভুল বোঝাবুঝি থেকেই ঘটনার সূত্রপাত হয়েছে বলে তিনি দাবি করেন।

অন্যদিকে বরের বড় ভাই হারুনা রশিদ মল্লিক অভিযোগ করেন, গেটের টাকা নিয়ে বিরোধের জেরে কনেপক্ষের লোকজন তাদের ওপর হামলা চালায়। এতে বাড়ির আসবাবপত্র ভাঙচুর এবং অনুষ্ঠানের নগদ অর্থ লুট হয়েছে বলে তিনি দাবি করেন।

তবে উভয় পক্ষই বিষয়টি পারিবারিকভাবে মীমাংসার আশাবাদ ব্যক্ত করেছেন।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত ইমাম মেহেদী বলেন, এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।