Image description

মধ্যপ্রাচ্যের যুদ্ধজনিত পরিস্থিতিতে নোয়াখালীতে জ্বালানি তেলের সংকট তীব্র আকার ধারণ করেছে। ফিলিং স্টেশনগুলোর সামনে লম্বা লাইন দিয়েও তেল না পেয়ে ফিরতে হচ্ছে অনেককে। তবে কালোবাজারে চড়া দামে বিক্রি হচ্ছে তেল।

 

জেলায় মোট ২৮টি ফিলিং স্টেশন থাকলেও তেলের অভাবে ২১টি ফিলিং স্টেশনই বন্ধ রয়েছে। জেলা শহর মাইজদীতে একটি, বেগমগঞ্জে পাঁচটি, সোনাইমুড়িতে একটিসহ মোট সাতটি ফিলিং স্টেশন চালু রয়েছে। বাকি সব ফিলিংস্টেশন বন্ধ।

 

জেলা শহর মাইজদীর পাঁচটি ফিলিং স্টেশনের মধ্যে মাত্র একটিতে তেল দেওয়া হচ্ছে, বাকি চারটিতে তেল সরবরাহ বন্ধ রয়েছে। সোনাপুর ফিলিং স্টেশন আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য অকটেন ও পেট্রোল বিক্রি বন্ধ ঘোষণা করেছে। বাকি পায়রা ফিলিং স্টেশন, সাজ্জাত ফিলিং স্টেশন ও হক ফিলিং স্টেশনে এক সপ্তাহ ধরে তেল সরবরাহ বন্ধ রয়েছে।

 

ফিলিং স্টেশনে তেল না থাকলেও খোলা বাজারে অতিরিক্ত দামে তেল মিলছে বলে দাবি স্থানীয়দের। ওমর ফারুক নামে এক মোটরসাইকেল চালক বলেন, বেগমগঞ্জের রাজগঞ্জ বাজারে ২৪০ টাকা করে তেল বিক্রি হচ্ছে, থানার হাট বাজারে ৩০০ টাকা করে তেল বিক্রি করা হচ্ছে, সোনাপুর বাজারে ৩০০ টাকা করে তেল বিক্রি হচ্ছে। ফিলিং স্টেশনে তেল নেই, অথচ খোলা বাজারে কীভাবে তেল বিক্রি হচ্ছে?

 

রাতুল নামে আরেক মোটরসাইকেলচালক বলেন, যেসব ফিলিং স্টেশন খোলা আছে, সেখানে যানবাহনের দীর্ঘ সারি। তেল পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। সংকটের কারণে মোটরসাইকেলে ২০০ থেকে ৩০০ টাকার বেশি তেল দেওয়া হচ্ছে না। এতে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। খোলা বাজারে তেল বিক্রিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

 

পাম্প মালিকরা জানিয়েছেন, আগে ডিপো থেকে দৈনিক দুই থেকে তিন গাড়ি তেল পাওয়া গেলেও এখন এক দিন পর পর রেশনিং পদ্ধতিতে অর্ধেকেরও কম তেল দেওয়া হচ্ছে। এতে জেলার ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে।

 

চাহিদার তুলনায় অর্ধেকেরও কম তেল সরবরাহ করায় বিপাকে পড়েছেন পাম্প মালিক ও সাধারণ ভোক্তারা। তেলের এই সংকটে সবচেয়ে বেশি ব্যাহত হচ্ছে সেচ কার্যক্রম। ফলে কৃষকসহ সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।

 

নোয়াখালী জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, প্রশাসনের পক্ষ থেকে প্রতিনিয়ত মনিটরিং করা হচ্ছে এবং ফিলিং স্টেশনের মালিকদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। জনসাধারণ যাতে নির্বিঘ্নে তেল পেতে পারে, সে ব্যবস্থা করা হয়েছে।