Image description

যুক্তরাষ্ট্রে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ইউসেফ আল-ওতাইবা বলেছেন, ইরানের বিরুদ্ধে সাধারণ যুদ্ধবিরতি যথেষ্ট নয়। তিনি তেহরানের বিরুদ্ধে একটি ‘চূড়ান্ত পরিণতি’ আনার আহ্বান জানিয়েছেন, যা পারমাণবিক সক্ষমতা, ক্ষেপণাস্ত্র, ড্রোন, সন্ত্রাসী প্রক্সি এবং আন্তর্জাতিক সমুদ্রপথের হুমকি মোকাবিলায় কার্যকর হবে।

ওতাইবা বলেছেন, ইরান ইতিমধ্যে আমিরাতের দিকে ২ হাজার ১৮০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুঁড়েছে। তিনি তেহরানকে প্রতিহত করতে আরও পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা উল্লেখ করেছেন। এটি মূলত সামরিক অভিযান অব্যাহত রাখার প্রতি সমর্থনের ইঙ্গিত বহন করছে।

ইরানের পাল্টা হামলার ফলে আমিরাতের অর্থনীতিতে মন্দা নেমে আসার শঙ্কা থাকলেও রাষ্ট্রদূত ইউসেফ আল-ওতাইবা যুক্তরাষ্ট্রে আবুধাবির ১.৪ ট্রিলিয়ন ডলারের বিনিয়োগের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, ‘আমেরিকার সঙ্গে আমাদের অর্থনৈতিক সম্পর্ক যত দৃঢ় হবে, উভয় দেশ তত শক্তিশালী হবে।’

বিশ্লেষকরা মনে করেন, আবুধাবির এই কূটনৈতিক বার্তা উপসাগরীয় দেশগুলোর প্রথাগত অবস্থান থেকে দূরে সরিয়ে দিয়েছে। কিংস কলেজ লন্ডনের সহযোগী অধ্যাপক আন্দ্রেয়াস ক্রিগ বলেছেন, ‘অতিমাত্রায় আগ্রাসী সুর প্রকাশ সত্ত্বেও আমিরাতের সামরিক সক্ষমতা সীমিত। এটি ইরানিদের আরও ক্ষিপ্ত করতে পারে।’

ক্রিগ আরও উল্লেখ করেন, আবুধাবি ওয়াশিংটনে রিপাবলিকান নব্য-রক্ষণশীলদের কাছে বাহবা পেতে চাইছে, কিন্তু এর ফলে নিজস্ব অঞ্চলে রাজনৈতিক ও নিরাপত্তাগত ঝুঁকি বাড়ছে।