ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সূর্যসেন হলের সামনে জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি কুকুরের মৃত্যু হয়েছে। বুধবার (২৫ মার্চ) রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে হলের ফটকের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার বৃষ্টির কারণে সড়কে পানি জমে ছিল। ওই পানি দিয়ে যাওয়ার সময় কুকুরটি হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
সূর্যসেন হলের আবাসিক শিক্ষার্থী এসরাফিল আলম জানান, তিনি হলের ভেতরে প্রবেশ করার সময় জমে থাকা পানি এড়িয়ে চলছিলেন। এ সময় পেছন থেকে কুকুরটির তীব্র চিৎকার শুনে ফিরে তাকালে দেখেন, সেটি দুইবার শ্বাস নিয়ে নিস্তেজ হয়ে পড়ে।
তিনি আরো বলেন, “আমিসহ আরও দুইজন শিক্ষার্থী তখন ওই পানির পাশেই দাঁড়িয়ে ছিলাম। ঘটনাটি আমাদের সঙ্গেও ঘটতে পারত।
শিক্ষার্থীদের অভিযোগ, হলের সামনে একটি বৈদ্যুতিক খুঁটির লাইট চুরি হওয়ার পর তারগুলো সঠিকভাবে মেরামত করা হয়নি। সেগুলো খোলা অবস্থায় টেপ দিয়ে জোড়াতালি দেওয়া ছিল। বৃষ্টির পানিতে ওই তার খুলে গিয়ে পানিতে বিদ্যুৎ প্রবাহিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর খুঁটির নিচ থেকে ধোঁয়া উঠতেও দেখা গেছে বলে জানান তারা।
এ বিষয়ে যোগাযোগ করা হলে ঢাবির প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন, কুকুরটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে, তবে সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তিনি জানান, ‘ইলেকট্রিশিয়ানরা ঘটনাস্থলসহ ক্যাম্পাসের অন্যান্য স্থান পরিদর্শন করছেন, যাতে সমস্যার উৎস শনাক্ত করা যায়।’