রাজধানীর উত্তরায় একটি মাদকদ্রব্য উৎপাদন ল্যাবের সন্ধান পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সে সঙ্গে বিপুল পরিমাণ ‘কিটামিন’ মাদকসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়।
বুধবার (২৫ মার্চ) রাত ৮টায় উত্তরা ১০ নম্বর সেক্টরের ১/এ নম্বর সড়কের ২৯ নম্বর বাসার (লায়লা গার্ডেন) অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ফ্ল্যাটটিতে তিনটি রুম রয়েছে। যার মধ্যে একটি ল্যাব ও দুটি বেডরুম রয়েছে। ল্যাবে বিপুল পরিমাণ মাদক ও মাদক তৈরির সরঞ্জামাদি থাকতে দেখা যায়।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক মো. মেহেদী হাসান এশিয়া পোস্টকে বলেন, উত্তরা ১০ নম্বর সেক্টরের একটি বাসা থেকে তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। সে সঙ্গে ভবনটির একটি ফ্ল্যাটে মাদক তৈরির ল্যাব পাওয়া গেছে।
তিনি বলেন, এখানে চীনা নাগরিকরা মাদক উৎপাদন করত। পরে এখান থেকেই দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করত। আমরা ধারণা করছি, এখানে প্রচুর পরিমাণ কিটামিন মাদক ও মাদক তৈরির সরঞ্জামাদি রয়েছে।
কীভাবে মাদক তৈরির ল্যাবের সন্ধান পাওয়া গেছে—এমন প্রশ্নের জবাবে মেহেদী হাসান বলেন, প্রথমে একটি কুরিয়ার সার্ভিস থেকে মাদক উদ্ধার করা হয়। পরে সেখানকার সিসি টিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে এবং প্রেরকের তথ্য সংগ্রহ করে উত্তরায় অভিযান চালানো হয়।
ভবনটির রুহুল আমিন নামের একজন বাসিন্দা এশিয়া পোস্টকে বলেন, চীনা নাগরিকরা ৭/৮ মাস ধরে বসবাস করত। গত রাতেও শব্দ হয়েছিল। কিন্তু আমরা শুধু জানতাম এখানে বিদেশি থাকত। তারা তেমন একটা যাতায়াত করত না। কিন্তু তারা যে মাদক তৈরি করত, তা কখনোই আমরা বুঝে উঠতে পারিনি।
রাত সোয়া ১০টা পর্যন্তও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান চলতে দেখা যায়। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।