Image description

সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযোগ তুলে ব্যবসা বন্ধ করে দেওয়া নবীন ফ্যাশন-এর ব্যবস্থাপনা পরিচালক হাফেজ এনামুল হাসান নবীনের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার পেছনের কারণ তুলে ধরেছেন বিশাল সেন্টার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক সারওয়ার হোসেন।

 

প্রতিষ্ঠানটির মালিকের করা অভিযোগগুলোকে ‘ভিত্তিহীন ও অপপ্রচার’ বলে দাবি করেছেন তিনি।

 

বুধবার (২৫ মার্চ) রাজধানীর মগবাজারে সাংবাদিকদের এ তথ্য জানান সারওয়ার হোসেন।

 

তিনি বলেন, তিন বছর ধরে এ ব্যবসা পরিচালনা করে আসছেন। এ সময়ের মধ্যে এ ধরনের কোনো ঘটনা তার সঙ্গে ঘটেনি। গত ২০ রমজান দুপুরে নবীন ফ্যাশনের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি প্রমোশনাল অফার ঘোষণা করা হয়। অফার অনুযায়ী, দুটি পাঞ্জাবি কিনলে দুটি ফ্রি দেওয়া হচ্ছিল। পাশাপাশি বৃষ্টিতে রিকশায় আসা ক্রেতাদের ভাড়া এবং বাইকারদের জন্য অতিরিক্ত ৯৫০ টাকা মূল্যের একটি ‘অ্যারাবিয়ান ইঞ্জিন অয়েল’ (মোবিল) ফ্রি দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

 

সারওয়ার হোসেন বলেন, এই অফার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিকেলের দিকে কয়েকশ মোটরসাইকেল আরোহী ও অসংখ্য ক্রেতা একসঙ্গে মার্কেটে ভিড় করেন। এতে পুরো এলাকায় যানজট সৃষ্টি হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খায় মার্কেটের নিরাপত্তাকর্মী ও পুলিশ।

 

তিনি আরও বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে নবীন ফ্যাশন কর্তৃপক্ষ হঠাৎ করেই মোবিল দেওয়ার ঘোষণা বন্ধ করে দেয়। এতে উপস্থিত বাইকারদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তারা দোকানে প্রবেশের চেষ্টা করলে একপর্যায়ে দোকানের শাটার বন্ধ করে দেওয়া হয়। এমন অবস্থায় পরিস্থিতি আরও খারাপের দিকে চলে যায়। এ সময় ক্রেতাসাধারণ আতঙ্কিত হয়ে মার্কেট ত্যাগ করতে থাকে।

 

দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক জানান, বিষয়টি আমাদের নজরে এলে আমরা ওনার দোকানে গিয়ে সমিতির নিয়মগুলো জানাই। রমজান মাসে এ ধরনের অফার দেওয়ার ক্ষেত্রে সমিতির নির্ধারিত নিয়ম মানা হয়নি। এ ছাড়া আমাদের কারও সঙ্গে কোনো আলোচনা ছাড়াই উনি অফারটা করলেন। যার ফলে মার্কেটে এ অরাজকতার পরিস্থিতির সৃষ্টি হলো। এ দায়ভার কে নেবে।

 

তিনি বলেন, কাপড়ের দোকানে মোবিল দেওয়ার বিষয়টি অস্বাভাবিক। এ জন্য প্রয়োজনীয় অনুমোদন বা লাইসেন্স রয়েছে কি না, তা জানতে আমরা মালিককে ডেকেছিলাম। কিন্তু তিনি আমাদের সঙ্গে যোগাযোগ না করে সংবাদ সম্মেলনে বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন।

 

এ সময় তিনি বলেন, শনিবার (২৮ মার্চ) সকাল ১১টায় প্রয়োজনীয় নথিপত্র উপস্থাপন করে সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘটনার বিস্তারিত তুলে ধরা হবে।