Image description
অনিয়মের দায়ে রাজধানীতে অভিযান পরিচালনার পর আরও পাঁচ প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে সরকার। বুধবার (২৫ মার্চ) স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানায়।
 
এর মধ্যে রাজধানীর নিমতলীর মজেদ সরকার রোডের আহমেদ স্পেশালাইজড হাসপাতাল, হোসনি দালান রোডের একটিভ ব্লাড ব্যাংক, ট্রান্সফিউশন অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, নাজিমউদ্দিন রোডের ক্রিয়েটিভ ব্লাড ব্যাংক, অথেনটিক হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার এবং প্রাইম টিজি ডায়াগনস্টিক ও কনসালটেশন সেন্টার বন্ধ করা হয়েছে।
 
স্বাস্থ্য অধিদফতর বলছে, গত তিনদিন স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশনায় গঠিত টিম রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন হাসপাতাল ও ব্লাড ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।
 
এর আগে রাজধানীর কলেজ গেট এলাকার মুক্তিযোদ্ধা টাওয়ারে অভিযান চালিয়ে ছয়টি বেসরকারি হাসপাতাল ও একটি ব্লাড ব্যাংকে গুরুতর অনিয়মের প্রমাণ পায় স্বাস্থ্য অধিদফতর। এর দায়ে দুটি হাসপাতাল সম্পূর্ণ ও দুটি আংশিক বন্ধ এবং বাকি তিন প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে।
 
এগুলো হলো : যমুনা হাসপাতাল, রয়েল মাল্টিস্পেশালিটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার, ঢাকা হেলথ কেয়ার হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার, রেডিয়াম ব্লাড ব্যাংক, টিজি মাল্টি স্পেশালাইজড হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, প্রাইম অর্থোপেডিক ও জেনারেল হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এবং প্রাইম ব্লাড ব্যাংক।