আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
মঙ্গলবার (২৪ মার্চ) ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম।
বিবৃতিতে ছাত্রশিবির সভাপতি বলেন, ‘সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিশ্চিত করার যে মহান লক্ষ্য নিয়ে এদেশ স্বাধীন হয়েছিল, সেই চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে ছাত্রশিবির প্রতিজ্ঞাবদ্ধ। একটি সমৃদ্ধ ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাত্রশিবির দেশপ্রেমিক ছাত্রসমাজকে সাথে নিয়ে কাজ করে যাচ্ছে।
স্বাধীনতার এই ঐতিহাসিক মুহূর্তে বীর শহীদদের ত্যাগকে স্মরণীয় করে রাখতে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের আহ্বান জানান তিনি।
ঘোষিত কর্মসূচিসমূহের মধ্যে রয়েছে- স্বাধীনতা দিবসের র্যালি আয়োজন, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান, মেধাবী ছাত্র সংবর্ধনা ও শিক্ষা উপকরণ উপহার প্রদান। এছাড়া শাখা, থানা ও ওয়ার্ড পর্যায়ে রচনা, কুইজ, বইপাঠ, বিতর্ক ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করবে সংগঠনটি।
পাশাপাশি সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাবার ও শিক্ষা উপকরণ বিতরণ এবং স্থানীয়-আঞ্চলিক পত্রিকাসহ অনলাইন প্ল্যাটফর্মে দেশের সার্বভৌমত্বের পক্ষে ক্যাম্পেইন করার কথাও জানানো হয়েছে।
কেন্দ্রীয় নির্দেশনার আলোকে ছাত্রশিবিরের সব মহানগর, বিশ্ববিদ্যালয়, শহর ও জেলা শাখাকে এসব কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নের জন্য বিজ্ঞপ্তিতে আহ্বান জানানো হয়।