Image description

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বিয়েকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। নিহতদের একজন মারামারি থামাতে গিয়ে হামলার শিকার হন, আরেকজন ঘটনাটি দেখে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

 

মঙ্গলবার (২৪ মার্চ) সরিষাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম এশিয়া পোস্টকে তথ্যটি নিশ্চিত করেছেন।

 

এর আগে, সোমবার (২৩ মার্চ) রাত প্রায় ৯টার দিকে উপজেলার ডোয়াইল ইউনিয়নের ডোলভিটি পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন—সোহেল রানা (৩৫) ও মঞ্জু মিয়া (৪০)। তারা একই গ্রামের বাসিন্দা।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ডোলভিটি গ্রামের লিটন মিয়ার মেয়ে শিলা আক্তারের সঙ্গে প্রায় এক মাস আগে চাপারকোনা গ্রামের রনি মিয়ার বিয়ের কাবিন হয়। কাবিনের পর থেকেই দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল। ঘটনার দিন রাতে স্ত্রীকে নিতে রনি মিয়া শ্বশুরবাড়িতে গেলে তাকে মেয়ে দিতে অস্বীকৃতি জানান শ্বশুর লিটন মিয়া। এ নিয়ে দুপক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়ে একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।

 

সংঘর্ষের এক পর্যায়ে পরিস্থিতি শান্ত করতে এগিয়ে আসেন প্রতিবেশী সোহেল রানা। এ সময় প্রতিপক্ষের লোকজন লাঠি দিয়ে তাকে আঘাত করলে তিনি গুরুতর আহত হয়ে ধানক্ষেতে পড়ে যান এবং ঘটনাস্থলেই মারা যান।

 

অন্যদিকে সোহেল রানার মরদেহ দেখে মঞ্জু মিয়া হৃদরোগে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান বলে স্থানীয়রা জানিয়েছেন।

 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সোহেল রানার মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়। ঘটনার পর অভিযুক্ত লিটন মিয়া ও তার পরিবারের সদস্যরা এলাকা ছেড়ে পালিয়ে গেছেন।

 

এ বিষয়ে পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বিয়েসংক্রান্ত বিষয় নিয়ে শালিস বৈঠকের একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। একজনের লাশ উদ্ধার করা হয়েছে, অন্যজন হৃদরোগে মারা গেছেন। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থার প্রক্রিয়া চলছে।