Image description

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ হয়েছে। মুক্তিযোদ্ধা মন্ত্রাণালয় মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করে। চব্বিশের গণঅভ্যুত্থানে যারা শহীদ ও পঙ্গু হয়েছেন, তাদের বিষয়েও মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কাজ করছে। তাদের বিষয়েও আমরা আন্তরিক।

তাদের বিষয়ে দেখভালের দায়িত্ব আমাদের রয়েছে।

 

রোববার (২২ মার্চ) সকালে টাঙ্গাইল সার্কিট হাউজে জেলার বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, জাতীয় ও স্বাধীনতা দিবস নিয়ে আমাদের প্রস্তুতি চলছে। আশা করি, সফলভাবে আমাদের পরিকল্পনা অনুযায়ী জাতীয় ও স্বাধীনতা দিবস আমরা পালন করতে পারবো।


মুক্তিযুদ্ধ সংসদ প্রসঙ্গে তিনি বলেন, গণতান্ত্রিক বাংলাদেশের যাত্রা শুরু করেছেন তারেক রহমান। প্রতিটি কমিটিই গণতান্ত্রিক হোক। তাই মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল গণতান্ত্রিকভাবে হোক, নিশ্চয়ই আমরা চাই। আমি এ নিয়ে কাজ করছি।
সে জন্য আমাকে সময় দিতে হবে।  

 

তিনি বলেন, আমাদের প্রাণের নেতা তারেক রহমান আমাকে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ায় তাকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আমি যেনো সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে এ মন্ত্রণালয়ের কাজকে এগিয়ে নিয়ে যেতে পারি। মুক্তিযোদ্ধের তালিকা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। অনেকের প্রশ্ন রাজাকারের তালিকা হয়েছে কি না।

আমি মাত্র দুদিন অফিস করেছি। এ নিয়ে আমি কাজ করবো। আমি চেষ্টা করবো এ মন্ত্রাণালয়ের কাজগুলো নিষ্ঠার সঙ্গে পালন করে জাতির প্রত্যাশা পূরণ করবো।

 

এসময় জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার শামসুল আলম সরকার, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।