ঈদের দিন দেশের নানা প্রান্তে সড়কে অন্তত ২৩ জন নিহতের ঘটনায় শোক প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
রোববার (২২ মার্চ) এক বিবৃতিতে এ শোক প্রকাশ করেন দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ।
বিবৃতিতে মাওলানা ইউনুস আহমদ বলেন, ‘কুমিল্লার পদুয়া বাজার রেলগেটে যে দুর্ঘটনা ঘটেছে, এতে শুধুই লাইনম্যানের ওপরে দায় চাপানোর সুযোগ নেই। এখানে ব্যবস্থাপনাগত সমস্যা খতিয়ে দেখতে হবে। রেলের অব্যবস্থাপনার কারণে ঈদের ছুটিতে বাড়িতে ফেরা নাগরিকদের জীবনহানির মর্মান্তিক ঘটনা আমাদের উদ্বিগ্ন করেছে।’
তিনি বলেন, ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ সবাইকে সতর্কতার সঙ্গে চলাচল করার অনুরোধ করছে। ঝুঁকি এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছে।’
ইসলামী আন্দোলন নিহতদের আত্মার মাগফেরাত কামনা করছে জানিয়ে ইউনুস আহমদ বলেন, ‘নিহতদের পরিবারের প্রতি সহমর্মিতা ও সমবেদনা প্রকাশ করছি।’