Image description

বাংলাদেশে ১৬ বছরে যদি নির্যাতিত পরিবারের তালিকা করা হয়, সেই তালিকার এক নম্বরে জিয়া পরিবার থাকবে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নির্যাতিতদের প্রতিচ্ছবি।

 

রোববার (২২ মার্চ) দুপুরে ঝিনাইদহের শৈলকূপা উপজেলা পরিষদের হলরুমে নাগরিক শোক ও স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

 

এ সময় মন্ত্রী বলেন, বর্তমান প্রধানমন্ত্রীকে আহত করে ওয়ান ইলেভেনে পঙ্গু করা হয়েছিল। তার মাকে বন্দি করা হয়েছিল। তার ভাই বিদেশে মারা গেছেন। জিয়া পরিবারের চেয়ে নির্যাতিত পরিবার বাংলাদেশে কেউ ছিল না। ১৭ বছর পর দেশে ফিরে তিনি (তারেক রহমান) ১৭ মিনিট বক্তৃতা দিয়েছিলেন। এখন পর্যন্ত তার বক্তব্যে কোনো হিংসার আগুন জ্বলেনি।

 

আসাদুজ্জামান বলেন, বিগত আমলে প্রধানমন্ত্রী যখন ঢাকা শহরে চলাচল করতেন, তখন তার সামনে-পেছনে ২৮টি গাড়ি থাকত। কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী ২৮টি গাড়ির কাটছাঁট করে যে ৪টি গাড়ি না রাখলেই নয়, সে চারটি গাড়ি রেখেছেন। তিনি ঢাকায় চলাচলের জন্য আলাদা কোনো সিগন্যাল বাতি রাখেননি। তিনি আমাদের নির্দেশ দিয়েছেন— ‘আপনারা এমপি হয়েছেন বিএনপির নেতৃত্বে, কিন্তু এখন আপনি আপনার এলাকার আপামর জনসাধারণের এমপি। সুতরাং, জনগণ যাতে ভোগান্তির শিকার না হয় সেদিকে খেয়াল রাখবেন’।

 
 

 

মন্ত্রী আরও বলেন, আমরা সুষ্ঠু স্বাভাবিক বাংলাদেশ চাই। আইনের শাসনের বাংলাদেশ চাই, একটি ন্যায়পরায়ণতার বাংলাদেশ চাই, একটি উন্নয়নের বাংলাদেশ চাই। সেই চাওয়ার মধ্যে আমার শৈলকূপা মাথা উঁচু করে থাকবে, সেই সারথি হয়ে আপনারা আমার সঙ্গে থাকবেন।

 

শৈলকূপা নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট ইসমাইল হোসেনের সভাপতিত্বে শোক ও স্মরণ সভায় স্থানীয় সুধীসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।