সমালোচনা না করে সরকারকে সহযোগিতা করা এবং ভুল ত্রুটি ধরিয়ে দেওয়া বিরোধীদলের কাজ বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
তিনি বলেন, বিরোধীদলকে সরকারের ভালো কাজগুলোকে অ্যাড্রেস করে, সমালোচনা না করে ভুল ত্রুটি ধরিয়ে দিতে হবে। সেভাবে পার্লামেন্টে সরকারকে সহযোগিতা করতে হবে। সরকার এক মাস পার করছে। সবাইকে আরও ধৈর্য ধরতে হবে। এই ধৈর্যটা যেমন সরকারি দল ধরতে হবে, তেমনি বিরোধী দলকে ধৈর্য ধরতে হবে।
আজ বৃহস্পতিবার লক্ষ্মীপুর কালেক্টরেট স্কুল মাঠে আয়োজিত লক্ষ্মীপুরে গুম, খুন, জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি আরও বলেন, আমরা নির্বাচন করেছি, এমপি হিসেবে শপথও নিয়েছি। কখনও জুলাই সনদ পাঠ করার মাধ্যমে আমরা সেখানে শপথ নিতে হবে, এসব আলোচনা কখনও ছিল না এবং নাইও। জুলাই সনদ নিয়ে একটা বিতর্ক হচ্ছে, আসলে খুব কঠিন বিতর্ক না, এই বিতর্কটা সংসদে প্রথম দিন ডিক্লেয়ার করা হয়েছে, পরের দিন আলোচনা করা হবে এবং পরের দিন আলোচনার মাধ্যমে অনেকটা শেষ হয়ে গিয়েছে। কিন্তু যখন আলোচনা হয়ে অটোমেটিক পার্লামেন্টের উত্থাপনের মধ্য দিয়ে হ্যাঁ কার্যকারিতা শুরু হয়ে যাবে। সংবিধানের মধ্যে এটা অন্তর্ভুক্ত থাকবে।
মন্ত্রী আরও বলেন, বর্তমানে ১৮০ দিনের খাল খননকাজ চলমান রয়েছে। সারা দেশেই আমরা এ কর্মসূচি হাতে নিয়েছি। আগামী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের কাজ শেষ হবে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার জীবদ্দশায় এ কর্মসূচি হাতে নিয়েছিলেন এবং সে সময় খাল খননের সুফল পেয়েছি। ফলে উৎপাদন দ্বিগুণ হয়েছে, মাছের চাষ বৃদ্ধি পেয়েছে। সবকিছু মিলে আমরা এলাকাটাকে স্বনির্ভর হিসেবে গড়তে সক্ষম হয়েছি। জিয়াউর রহমানের যে কর্মসূচি, সে কর্মসূচি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব এগিয়ে নিয়ে যাব। এতে করে মানুষ সুবিধা ভোগ করবে। প্রধানমন্ত্রী তারেক রহমান ছুটির দিনেও অফিস করছেন। এর আগে কোনো প্রধানমন্ত্রী এইভাবে কাজ করেনি। যেটা এখন প্রধানমন্ত্রী তারেক রহমান করে যাচ্ছেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাড. হাছিবুর রহমান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপী, জেলা জামায়াতের আমির মাস্টার রুহুল আমিন ভুঁইয়া ও সেক্রেটারি এআর হাফিজ উল্যাহ, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক অধ্যাপক নিজাম উদ্দিন, জেলা যুবদলের সভাপতি আবদুল আলীম হুমায়ন, সাধারণ সম্পাদক রশিদুল হাসান লিংকন, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনসহ সমাজের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।