Image description

লেংটার মেলা ও ঈদুল ফিতরকে কেন্দ্র করে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কালীপুর-চরকালীপুর ট্রলারঘাটসহ বিভিন্ন নৌঘাটে ডাকাত আতঙ্ক দেখা দিয়েছে। দুটি উৎসব ঘিরে মানুষের যাতায়াত ও জনসমাগম বাড়ায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়রা জানান, কালীপুর-চরকালীপুর ট্রলারঘাটে পারাপারে সময় লাগে মাত্র ১৫-২০ মিনিট। তবে ঈদ ও লেংটার মেলাকে কেন্দ্র করে প্রতিদিন এই ঘাট দিয়ে প্রায় ৮-১০ হাজার মানুষ যাতায়াত করছে।

অল্প দূরত্ব হলেও প্রতিবছরই এখানে ডাকাতির ঘটনা ঘটে। এবারও এমন আশঙ্কা করছেন যাত্রী ও স্থানীয়রা।

 

খোঁজ নিয়ে জানা গেছে, সময় সাশ্রয়ের জন্য মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার বহু মানুষ ঢাকা যাতায়াতের ক্ষেত্রে ধনাগোদা নদী পাড়ি দিয়ে এই রুট ব্যবহার করেন। প্রতিদিন শতাধিক যাত্রীবাহী ট্রলারে কয়েক হাজার মানুষ পারাপার হন।

সাধারণ সময়ে বিশেষ করে বৃহস্পতি, শুক্র ও শনিবারে ৩-৪ হাজার যাত্রী যাতায়াত করলেও ঈদে তা বেড়ে ৭-৮ হাজারে পৌঁছায়। তবে এবার ঈদ ও লেংটার মেলা একসঙ্গে হওয়ায় প্রতিদিন ১০-১২ হাজার যাত্রী পারাপার হতে পারে বলে ধারণা সংশ্লিষ্টদের।

 

এ সময়ে ছোট নদীতে ডাকাতির ঝুঁকি বাড়ায় ধনাগোদা নদীতে অতিরিক্ত টহল জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

আলী হোসেন নামের এক যাত্রী জানান, আমি নিয়মিত এই পথে ঢাকা যাতায়াত করি।

সম্প্রতি রাতে বাড়ি ফেরার পথে মাঝনদীতে আমাদের ট্রলার লক্ষ্য করে দুই দিক থেকে কয়েকটি লেজার লাইট ফেলা হয়। তখন ট্রলারে আমরা ১১ জন ছিলাম। সবাই আতঙ্কিত হয়ে পড়ি।

 

মতলব উত্তরের গণমাধ্যমকর্মী মাহবুব আলম লাভলু বলেন, কয়েক বছর আগে এই পথে বাড়ি ফেরার সময় ডাকাতরা আমার সবকিছু লুটে নেয়। তাদের আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও আচরণে আমি খুবই ভীত হয়ে পড়েছিলাম।

 

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ট্রলারচালক জানান, ডাকাতরা সাধারণত দুই দিক থেকে ট্রলারে আক্রমণ করে। হঠাৎ করে অস্ত্র ঠেকিয়ে যাত্রীদের ভয় দেখিয়ে মালামাল লুটে নেয়। কেউ বাধা দিলে মারধরও করে।

মতলব বেলতলী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হক বলেন, ধনাগোদা নদীতে যাত্রীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ঈদ ও লেংটার মেলাকে সামনে রেখে নৌপথে টহল জোরদার করা হবে।

মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বলেন, ঈদ ও লেংটার মেলাকে কেন্দ্র করে যাতায়াত বাড়বে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।