এবার সারা দেশের কারাগারগুলোতে ঈদুল ফিতর উদযাপন করবেন প্রায় ৮০ হাজার বন্দি। এবারের ঈদে কারাবন্দিদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশেষ খাবার ও স্বজনদের সঙ্গে সাক্ষাৎ এবং ফ্রি ফোনে কথা বলার ব্যবস্থা করেছে কারা অধিদপ্তর।
কারা সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে বন্দিদের মধ্যে উৎসবের আমেজ সৃষ্টি এবং তাদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি প্রদর্শনের অংশ হিসেবে এ বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ) কারা অধিদপ্তর জানিয়েছে, ঈদের দিন কারাগারে আটক বন্দিদের সকাল, দুপুর ও রাতে বিশেষ খাবার পরিবেশন করা হবে।
কারা মহাপরিদর্শক (আইজি প্রিজনস) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন বলেন, ‘ঈদের আনন্দ কারাবন্দিদের মাঝেও ছড়িয়ে দিতে প্রতিবারের মতো এবারও বিশেষ আয়োজন করা হয়েছে।
তিনি আরো বলেন, ‘ঈদের দিন সকালে সব কারাগারে বন্দিদের জন্য নামাজ আদায়ের ব্যবস্থা থাকবে। ঈদের তিন দিন বন্দিরা স্বজনদের সঙ্গে সাক্ষাতের সুযোগ পাবেন। পাবেন স্বজনদের আনা খাবারও।