গাজীপুরে পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে এক যুবককে আটক করেছে বাসন থানার পুলিশ। মঙ্গলবার (১৭ মার্চ) রাত ১১টার দিকে বাসন থানার ভোগড়া উত্তরপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। তার কাছ থেকে একটি ওয়াকিটকি, পুলিশের পোশাক এবং একটি ভুয়া পরিচয়পত্র উদ্ধার হয়েছে। এ ঘটনায় বাসন থানায় একটি মামলা হয়েছে।
আটককৃ মো. মাইদুল ইসলাম মামুন (২১) রংপুরের কাউনিয়া থানার উদয়নারায়ন মাছহাড়ী গ্রামের মো. আজিজার রহমানের ছেলে। তিনি গাজীপুর মহানগরীর বাসন থানার ভোগড়া উত্তরপাড়া এলাকার সিরাজুল ইসলামের বাড়িতে ভাড়া থাকেন।
বাসন থানার ওসি হারুন অর রশীদ জানান, অভিযুক্ত মাইদুল ইসলাম পুলিশ পরিচয়ে ভোগড়া এলাকার মুদি দোকানদার মো. জহিরুল ইসলামের কাছ থেকে বিভিন্ন সময়ে বাকিতে ছয় হাজার টাকার পণ্য কিনেন। বকেয়া টাকা চাওয়ার পরিশোধ না করে নতুন করে মালমাল নেন।
মাইদুল ইসলামের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, চুরি ও প্রতারণাসহ নানা অভিযোগে বিভিন্ন থানায় আরো চারটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।