Image description

সামাজিক যোগাযোগমাধ্যমের কারণে গালাগালি ও অপবাদ ছড়ানো এখন অনেক সহজ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আসিফ নজরুল। তিনি বলেন, পরিকল্পিতভাবে মিথ্যা বারবার ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, যা সমাজের জন্য বিপজ্জনক হয়ে উঠছে।

 

বুধবার (১৮ মার্চ) দুপুরে ফেসবুক স্ট্যাটাসে তিনি অনলাইনে অপপ্রচারের বিভিন্ন ধরন তুলে ধরেন। সেখানে তিনি উল্লেখ করেন, কোনো দায়িত্বশীল ব্যক্তি কাজ করলেও তার বিরুদ্ধে ‘কিছুই করেননি’—এমন অভিযোগ বারবার তোলা হয়। এমনকি বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার পরও তা উপেক্ষা করে একই অভিযোগ পুনরাবৃত্তি করা হয়।

আরেকটি প্রবণতার কথা তুলে ধরে তিনি বলেন, অনেক সময় কোনো ঘটনার জন্য অযৌক্তিকভাবে কাউকে দায়ী করা হয়। সংশ্লিষ্ট ব্যক্তি যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করলেও তা শোনা হয় না; বরং বারবার একই অভিযোগ চাপিয়ে দেওয়া হয়।     

 

 

তিনি আরও লেখেন, কিছু ভুঁইফোড় অনলাইন প্ল্যাটফর্ম মিথ্যা সংবাদ প্রকাশ করে। পরে তা নিম্নমানের আরও কিছু মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ধীরে ধীরে অপেক্ষাকৃত গ্রহণযোগ্য মাধ্যমেও জায়গা করে নেয়। এতে করে মিথ্যা তথ্যও একসময় মানুষের কাছে সত্য হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার ঝুঁকি তৈরি হয়।

এ প্রবণতার পেছনে ব্যক্তিগত শত্রুতা, ভুল ধারণা এবং সবচেয়ে বেশি ‘ভিউ’, ‘লাইক’ বা অর্থ উপার্জনের লোভ কাজ করে বলেও মনে করেন তিনি। পাশাপাশি কিছু মানুষের মধ্যে অন্যকে হেয় করার মানসিক তৃপ্তিও এতে ভূমিকা রাখে।

এ ধরনের অপপ্রচার সমাজে মিথ্যার শক্তি বাড়িয়ে দেয় এবং যেকোনো সময় তা ভয়াবহ রূপ নিতে পারে বলেও সতর্ক করেন তিনি। তবে মানুষ ধীরে ধীরে এসব বিষয়ে সচেতন হচ্ছে—এটিকেই ইতিবাচক দিক হিসেবে দেখছেন আসিফ নজরুল।