পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে ঢাকা ছাড়ছেন হাজারো মানুষ। এতে দেশের অন্যতম ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ কয়েকগুণ বেড়েছে।
গত ২৪ ঘণ্টায় এ মহাসড়কের গুরুত্বপূর্ণ দুটি সেতু দিয়ে ৫২ হাজারেরও বেশি যানবাহন পারাপার হয়েছে, যা থেকে সরকারের বড় অঙ্কের টোল আদায় হয়েছে।
নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের (সওজ) ভিটিকান্দি সড়ক উপ-বিভাগের তথ্যমতে, মঙ্গলবার (১৭ মার্চ) গত ২৪ ঘণ্টায় মেঘনা ও গোমতী সেতু টোল প্লাজা দিয়ে মোট ৫২ হাজার ৮৫৩টি যানবাহন পারাপার হয়েছে।
ভিটিকান্দি সড়ক উপ-বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ মনির হোসেন এ বিপুল পরিমাণ যানবাহন পারাপার ও টোল আদায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
সরকার ঘোষিত টানা সাত দিনের ছুটির দ্বিতীয় দিন আজ বুধবার। সকাল থেকে ঘরমুখো মানুষের ভিড় বেড়েছে কয়েকগুণ।
এদিকে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ও মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে তৎপর রয়েছে হাইওয়ে পুলিশ ও র্যাব।
শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন বলেন, ঈদযাত্রায় ভোগান্তি এড়াতে সাইনবোর্ড থেকে মেঘনা সেতু এলাকা পর্যন্ত আমাদের ১২৪ জন পুলিশ সদস্য নিরলসভাবে কাজ করছেন।