Image description

ঢাকা থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর মহানগর প্রভাতী ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় এক নারী যাত্রী আহত হয়েছেন। চলন্ত ট্রেনে বাইরে থেকে ছোড়া ঢিলে তার মাথায় গুরুতর আঘাত লাগে।

মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ১১টার দিকে কসবা ও ইমামবাড়ি স্টেশনের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, আখাউড়া স্টেশন ছাড়ার কিছুক্ষণ পর ‘ন’ বগির ৫১ নম্বর সিটে বসে থাকা ওই যাত্রীর মাথায় হঠাৎ পাথর এসে লাগে।

ঘটনার পর ট্রেনের ভেতরেই তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। খবর পেয়ে রেল কর্তৃপক্ষের সংশ্লিষ্টরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আহত নারী যাত্রী কুমিল্লা স্টেশনে নেমে যান। তবে তার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

তিনি আরও বলেন, রেলপথের নিরাপত্তা জোরদার ও জনসচেতনতা বৃদ্ধি না হলে এ ধরনের ঘটনা প্রতিরোধ করা কঠিন।

শীর্ষনিউজ