Image description

সারা বছর প্রতি সপ্তাহে মাত্র ১৫০ টাকা করে জমিয়ে ঈদের আগে রাজকীয় বাজার পেয়েছেন চাঁদপুরের হাইমচর উপজেলার চৌধুরী বাজার এলাকার নিম্ন ও মধ্যবিত্ত মানুষ।

 

৫২ সপ্তাহের ক্ষুদ্র এই সঞ্চয়ের মাধ্যমে ‘ঈদ বাজার সমিতি’র উদ্যোগে সদস্যদের হাতে তুলে দেওয়া হয়েছে গরুর গোশত, মুরগিসহ ২৪ পদের খাদ্যসামগ্রী। এতে করে ঈদের আগে অনেক পরিবারের মুখে ফুটেছে স্বস্তির হাসি।

সোমবার স্থানীয় ‘মায়ের দোয়া হার্ডওয়্যার’-এর সৌজন্যে আয়োজিত অনুষ্ঠানে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন ছৈয়াল ও সমাজসেবক মো. তছলিম হোসেনের উদ্যোগে এই কার্যক্রম বাস্তবায়িত হয়।

 

Amardesh_un.

 

বিতরণকৃত পণ্যের তালিকায় ছিল ৫ কেজি গরুর গোশত, ২টি মুরগি, ৫ লিটার তেল, ২ কেজি পোলাওয়ের চাল, ২ কেজি চিনি, তরল দুধ, সেমাই, ঘি ও বিভিন্ন মসলা। এছাড়াও ঈদের আনন্দ বাড়াতে দেওয়া হয় মেহেদি ও কোমল পানীয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক। তিনি বলেন, “সঞ্চয়ের মাধ্যমে উৎসবের প্রস্তুতি নেওয়ার এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয় এবং অনুসরণযোগ্য।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক হারুনুর রশিদ গাজী, হাইমচর প্রেসক্লাবের সভাপতি মো. মহসিন মিয়া ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আয়োজক মো. ইকবাল হোসেন ছৈয়াল জানান, ঈদের কেনাকাটার চাপ কমাতেই এই ক্ষুদ্র সঞ্চয় কর্মসূচি চালু করা হয়েছে। বর্তমানে এতে প্রায় ১৪০ জন সদস্য যুক্ত আছেন এবং ভবিষ্যতে এর পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।