শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে নিষিদ্ধঘোষিত সংগঠন জেলা ছাত্রলীগের সভাপতি তানজিমুর রশিদ রিয়ানের নেতৃত্বে আনন্দ মিছিল হয়েছে।
মঙ্গলবার সকালে শহরের প্রানকেন্দ্র হিসাবে পরিচিত ঝিলটুলি এলাকার জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজের সামনের সড়কে মিছিলটি বের হয়।
প্রত্যক্ষদর্শী ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একাধিক ভিডিও থেকে জানা যায়, এক পাশে ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতির ছবি এবং অন্য পাশে শেখ হাসিনার ছবি সম্মিলিত একটি ব্যানার সামনে নিয়ে ২০থেকে ২২জন ছাত্রলীগ কর্মী মিছিলে অংশ নেন। ব্যানারটিতে লেখা ছিল, শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, ফরিদপুরের মাটি, শেখ হাসিনার ঘাঁটি ' ইত্যাদি।
ভাইরাল ভিডিওতে দেখা যায় মিছিলকারীর ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শুভ শুভ দিন, বঙ্গবন্ধুর জন্মদিন’, ‘ক্ষমতা না জনতা, জনতা জনতা ’। প্রভৃতি রাজনৈতিক স্লোগান দিয়ে প্রধান সড়কে এগিয়ে যায়।
ভিডিওটি ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে পোস্ট করেন। তিনি উল্লেখ করেন, ‘সভানেত্রী শেখ হাসিনার নির্দেশে শর্ট নোটিশে আনন্দমিছিল অনুষ্ঠিত হয়েছে।’
এ ব্যাপারে ফরিদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আজমীর হোসেন বলেন , "মিছিলটি সোশ্যাল মিডিয়াতে দেখেছি এবং এটি নিয়ে কাজ করছি ।"