Image description

পুলিশের উপপরিদর্শক (এসআই) পিয়ারুল ইসলাম পরেছেন লুঙ্গি, গলায় ঝুলিয়েছেন গামছা—এমনভাবে কৃষকের বেশ ধরেছেন তিনি। কোনো মঞ্চে অভিনয়ে অংশ নেওয়ার জন্য নয়, এক ধূর্ত আসামিকে ধরতে এই কৌশল নিয়েছেন পিয়ারুল।

রোববার (১৫ মার্চ) সকালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর এলাকা থেকে ওই আসামিকে ধরতে সক্ষম হয়েছেন তিনি।

গ্রেপ্তার শাহ আলম উপজেলার শাহবাজপুর ইউনিয়নের উপর চাকপাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, শাহ আলমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় আদালতের সাজা এবং আরও ৪টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তিনি অত্যন্ত চতুর। গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে তিনি দীর্ঘদিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে আসছিলেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, শাহ আলম একজন চিহ্নিত মাদক কারবারি। আসামি অত্যন্ত ধূর্ত হওয়ায় তাকে সাধারণ পোশাকে শনাক্ত করা ও ধরা কঠিন ছিল। তাই আমাদের অফিসার কৃষকের ছদ্মবেশ ধরে এই অভিযানটি সফল করেছেন।