মালদ্বীপের দিগুড়া আইল্যান্ডে একটি কনস্ট্রাকশন সাইটের গেস্ট হাউজে ভোর রাতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত হয়েছেন। সূত্রমতে, হঠাৎ বিস্ফোরণের পর গেস্ট হাউসের ভেতর থেকে সাতজন বাংলাদেশিকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ৫ জনের মৃত্যু হয়।
নিহতরা হলেন- তাজ উদ্দিন ইসলাম, মো. সদর আলী, মো. রবিন মোল্লা, সফিকুল ইসলাম ও মো. নূরনবী সরকার। এ ঘটনায় আরও দুই বাংলাদেশি জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সূত্র জানায়, বিস্ফোরণের ফলে গেস্ট হাউসটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
এ বিষয়ে বাংলাদেশ হাইকমিশন মালদ্বীপের শ্রম কাউন্সিলর মো. সোহেল পারভেজ জানান, আহতদের মধ্যে একজনকে আইসিইউতে এবং অপরজনকে ইমার্জেন্সি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে; তাদের অবস্থা আশঙ্কাজনক। তিনি জানান, ঘটনাস্থলে খোঁজখবর নিতে হাইকমিশনের একটি প্রতিনিধিদল পাঠানো হয়েছে এবং নিহতদের মরদেহ দ্রুত পরিবারের কাছে পাঠানোর উদ্যোগ নেয়া হচ্ছে।
এদিকে দুর্ঘটনার পর স্থানীয় প্রশাসন ঘটনার কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে। মর্মান্তিক এ ঘটনায় মালদ্বীপে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।