Image description

 

গ্রামের বাড়িতে দূর্বত্তদের অগ্নিকান্ডের পর পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন জাতীয় ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল্লাহ। ছেলে-মেয়েকেসহ তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলেও জানান তিনি। 

আজ শুক্রবার (১৩ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এসব কথা বলেন। পোস্টের সঙ্গে পোড়া রান্নাঘর, ঘরের ভাঙা জানালা, ঘরের টিনের বেড়ায় রামদার আঘাতের চবি শেয়ার করেছেন তিনি।

সাইফুল্লাহ লিখেছেন, ছবিতে যে চকি/খাটটি দেখতে পাচ্ছেন, সেই চকিতেই আমার স্ত্রী ছেলে-মেয়েকে নিয়ে ঘুমায়। ঘুমন্ত শিশু দু’টি ঘরের বেড়ায় রামদার আঘাতের শব্দ শুনে ঘুম ভেঙে যায়। ছেলেটার বয়স এক বছরও হয়নি। হাসিখুশি ছেলেটা কাল রাতের ঘটনার পর কেমন যেন স্তব্ধ হয়ে গেছে। ভয়ে মুখ লুকিয়ে ফেলে। মেয়েটা বলে, ‘আব্বু, আমি আগুন দেখে অনেক ডরাইছি।’

তিনি আরও লেখেন, আমার থাকার ঘরে রামদা দিয়ে কুপিয়েছে এবং আগুন দিয়েছে। থাকার ঘরের আগুন দ্রুত নিভিয়ে ফেলে গ্রামবাসী। থাকার ঘরের পাশেই রান্নাঘর। রান্নাঘরের আগুন সহজে নিভানো না যাওয়ায় প্রায় বেশিরভাগই পুড়ে গেছে। আওয়ামী সন্ত্রাসীরা যাওয়ার সময় আমাকে এবং আমার ছেলে-মেয়েকে মারার হুমকি দিয়ে যায়। আমি আমার স্ত্রী-সন্তানসহ পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে অনেক বেশি চিন্তিত।

এরআগে গতকাল বৃহস্পতিবার রাত ৩টার দিকে বাড়িটিতে আগুন দেয় দূর্বৃত্তরা। স্থানীয়দের চেষ্টায় দ্রুত আগুন নেভানোয় তা বসত ঘরে ছড়াতে পারেনি। তবে আগুনে রান্নাঘর পুড়ে গেছে। আগুন দেয়ার সময় বসত ঘরে কোপানো হয়। এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। গ্রামের বাড়িতে মো. সাইফুল্লাহ’র মা–বাবা, স্ত্রী ও দুই ছেলে-মেয়ে বাস করেন।