Image description

ঝিনাইদহে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে আহত বিএনপি কর্মী তরু মিয়া মারা গেছেন। এর আগে শুক্রবার (১৩ মার্চ) দুপুরে সদর উপজেলার মাধবপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।

নিহত তরু মিয়া সদর উপজেলার গান্না ইউনিয়ন বিএনপির সক্রিয় কর্মী ছিলেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার মাধবপুর গ্রামে জামায়াতের মহিলা শাখার উদ্যোগে ইফতারের আয়োজন করা হয়। এ সময় ইফতার আয়োজনকে কেন্দ্র করে জামায়াতের নারী কর্মীদের সঙ্গে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে তরু মিয়ার অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি মারা যান।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন বলেন, ‘এলাকায় পুনরায় সংঘর্ষ এড়াতে পুলিশ ছাড়াও বিপুলসংখ্যক র‌্যাব ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।’