উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার পরিকল্পনা আপাতত স্থগিত করা হয়েছে। বর্তমানে তার শরীরিক অবস্থা দেশের বাইরে নেওয়ার মতো না, তাই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, তার পরিবার দেশের চিকিৎসার প্রতি আস্থাশীল। আপাতত তাকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে না। তবে, পরবর্তীতে তার মেডিকেল বোর্ড মনে করলে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিষয়টি বিবেচনা করা হতে পারে।
তিনি আরও বলেন, আজকে মির্জা আব্বাসের চিকিৎসায় একটি ভার্চুয়াল মেডিকেল বোর্ড বসে এবং সব কিছু দেখে তার অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়। পরিবারের সদস্যদের সম্মতিও নেওয়া হয়েছে। সেই অনুযায়ী উনার মস্তিষ্কে অস্ত্রোপচার হয়েছে। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকবেন।
এর আগে জুমার নামাজের পর প্রধানমন্ত্রী তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে আসেন। মেডিকেল বোর্ডের পক্ষ থেকে তাকে বিস্তারিত অবহিত করা হয়।
বুধবার (১১ মার্চ) ইফতারের সময় তিনি হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন। অবস্থার উন্নতি না হলে গভীর রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে মির্জা আব্বাসের স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস তার স্বামীর সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।