Image description

নোয়াখালীর সদর উপজেলায় সরকারি হাট-বাজার নিলামের টেন্ডার বক্সে জোর করে সিডিউল ঢোকানোর অভিযোগে মো. হারুন নামে এক শ্রমিক দল নেতাকে দুই দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

 

শুক্রবার (১৩ মার্চ) দুপুর আড়াইটার দিকে বিষয়টি নিশ্চিত করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হোমায়রা ইসলাম।

 

এর আগে, গতকাল বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ভবনের সিঁড়িতে এ ঘটনা ঘটে।

 

দণ্ডপ্রাপ্ত মো. হারুন নোয়াখালী পৌরসভা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক এবং পৌরসভার উজ্জলপুর এলাকার বাসিন্দা।

 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার উপজেলার ৩৩টি হাট-বাজারের ইজারা নিলামের টেন্ডার জমা দেওয়ার শেষ দিন ছিল। সকাল ৯টা থেকে বিভিন্ন ঠিকাদার ও টেন্ডার প্রত্যাশীরা নির্ধারিত চারটি স্থানে স্থাপিত টেন্ডার বক্সে তাদের সিডিউল জমা দেন। নির্ধারিত সময় শেষ হওয়ার পর জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয় ও সদর উপজেলা ভূমি কার্যালয় থেকে টেন্ডার বক্সগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসা হচ্ছিল।

 

দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সিঁড়িতে দাঁড়িয়ে শ্রমিক দল নেতা হারুন জোর করে ২-৩টি সিডিউল টেন্ডার বক্সে ঢুকিয়ে দেন। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা জানার পর পুলিশকে আটক করার নির্দেশ দেন। পরে পুলিশ ওই শ্রমিক দল নেতাকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের নিচতলা থেকে আটক করে। পরে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ নেওয়াজ তানভীর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

 

নোয়াখালী জেলা শ্রমিক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন বলেন, বিষয়টি আমি শুনেছি। দলের সিনিয়র নেতাদের সঙ্গে কথা বলে তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ নেওয়াজ তানভীর বলেন, নির্ধারিত সময় শেষ হওয়ার পরও জোর করে টেন্ডার সিডিউল জমা দেয়, যা সিসি ক্যামেরায় ধরা পড়ে। পরে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে।