Image description

নোয়াখালীর কবিরহাট পৌরসভায় মসজিদে নামাজ পড়তে গিয়ে কথা কাটাকাটির জেরে মো. মাহির নামে এক যুবককে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে।

 

শুক্রবার (১৩ মার্চ) নামাজের পর পৌরসভার ছোট মসজিদের গলির মুখে এই ঘটনা ঘটে।

 

আহত মো. মাহির কবিরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মাইন উদ্দিনের ছেলে। হামলাকারী মো. মুন্না ৬নং ওয়ার্ডের বাসিন্দা।

 

স্থানীয় সূত্রে জানা যায়, মসজিদে নামাজ পড়তে গিয়ে মুন্নার সঙ্গে মাহিরের বাকবিতণ্ডা হয়। নামাজ শেষে বাইরে এসে মুন্না উত্তেজিত হয়ে মাহিরকে ছুরিকাঘাত করে। রক্তাক্ত অবস্থায় মাহির মাটিতে লুটিয়ে পড়লে মুন্না পালিয়ে যাওয়ার চেষ্টা করে। উপস্থিত মানুষ তাকে ধরে মারধর করে। পুলিশ মুন্নাকে আটক করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।

 

আহত মাহিরকে প্রথমে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত দেন।

 

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজামুল উদ্দিন ভুঁইয়া বলেন, নামাজে দাঁড়ানোর জায়গা নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। হামলাকারীকে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।