প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা, সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। এবার তার সুস্থতার জন্য দোয়া চাইলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
বৃহস্পতিবার (১২ মার্চ) ফেসবুকে নিজের আইডিতে এক পোস্টে তিনি দোয়া কামনা করেন।
পোস্টে নাসীরুদ্দীন লেখেন, ‘মির্জা আব্বাসের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা-৮ আসন থেকে মনোনয়ন পান। নির্বাচনে মির্জা আব্বাস ৫৯ হাজার ৩৬৬ ভোট পেয়ে জয়ী হন। আর নাসীরুদ্দীন পাটওয়ারী পান ৫৪ হাজার ১২৭ ভোট।
নির্বাচনের আগে ও পরে নাসীরুদ্দীন পাটওয়ারী চাঁদাবাজি ইস্যু নিয়ে মির্জা আব্বাসের কঠোর সমালোচনা করে আসছেন। এর জেরে রমনা থানার বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম বাদী হয়ে নাসীরুদ্দীনের বিরুদ্ধে মামলা করেন।
এদিকে মির্জা আব্বাসের পারিবারিক সূত্র জানায়, গতকাল বুধবার (১১ মার্চ) ইফতারের সময় তিনি হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন। অবস্থার উন্নতি না হলে গভীর রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
মির্জা আব্বাসের স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস তার স্বামীর সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।