Image description

ইরানের বিরুদ্ধে যুদ্ধের জন্য ওয়াশিংটন হয়ত পুরোপুরি প্রস্তুত ছিল না—এমনই এক ইঙ্গিত পাওয়া গেছে মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইটের বক্তব্যে। সিএনবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে রাইট জানিয়েছেন, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী তেলবাহী জাহাজগুলোকে নিরাপত্তা দিতে (এসকর্ট) মার্কিন নৌবাহিনী এখনো প্রস্তুত নয়। 

রাইট জানান, বর্তমানে মার্কিন সামরিক বাহিনীর মূল লক্ষ্য হলো ইরানের আক্রমণাত্মক সক্ষমতা ধ্বংস করা। তিনি বলেন, “এটি (জাহাজকে নিরাপত্তা প্রদান) তুলনামূলক দ্রুত শুরু হবে, তবে এই মুহূর্তে তা সম্ভব নয়। আমরা এখনো প্রস্তুত নই। আমাদের সমস্ত সামরিক শক্তি এখন ইরানের আক্রমণাত্মক সক্ষমতা এবং তাদের অস্ত্র উৎপাদন ব্যবস্থা ধ্বংস করার কাজে নিয়োজিত রয়েছে।”

জ্বালানি সচিব আরও উল্লেখ করেন যে, চলতি মাসের শেষ নাগাদ নৌবাহিনী হয়ত এই পাহারা কার্যক্রম শুরু করতে পারবে। বিষয়টি নিয়ে প্রতিরক্ষা কর্মকর্তাদের সাথে আলোচনা চলছে বলেও তিনি জানান।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্রের আগ্রাসন মুলক চালানো হামলার পর ইরান নিয়ন্ত্রিত হরমুজ প্রণালি বন্ধ করেছে তেহরান। যে কারণে বাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম। এর পর হরমুজ প্রণালি বন্ধ করলে ইরানের ওপর আরো তীব্র হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে অবশ্য ওই জলসীমায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বে তেলবাহী ট্যাঙ্কারকে সুরক্ষা (এসকর্ট) দেওয়ার কথা বলেছিলেন ট্রাম্প। তবে এবার ট্রাম্প প্রশাসনেরই এক কর্মকর্তাই সেটা দাবিকে উড়িয়ে দিলেন।