Image description

ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত জব্দ করতে বিশেষ বাহিনী মোতায়েনের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম অ্যাক্সিওস সংশ্লিষ্ট চারটি সূত্রের বরাতে এমন প্রতিবেদন করেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধের অন্যতম লক্ষ্য ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না দেওয়া। সেই লক্ষ্য পূরণে ইরানের হাতে থাকা ৬০ শতাংশ সমৃদ্ধ ৪৫০ কেজি ইউরেনিয়াম জব্দ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অ্যাক্সিওস জানিয়েছে, অভিযানটি যুদ্ধের ‘শেষের দিকে’ পরিচালিত হতে পারে, যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নিশ্চিত হবে যে ইরানের সামরিক বাহিনী আর বড় কোনো প্রতিরোধ গড়ে তোলার সক্ষমতা রাখে না।

অবশ্য গত বছরের জুনে ইরানের পরমাণু স্থাপনা এবং অবকাঠামোতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর দেশটিতে থাকা ইউরেনিয়াম মজুতের সবশেষ অবস্থা এখনও অস্পষ্ট। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানিয়েছে, হামলা হওয়া পরমাণু স্থাপনাগুলোতে পরিদর্শকদের প্রবেশের অনুমতি দেয়নি ইরান। সংস্থাটি আরও জানিয়েছে, তাদের পরিদর্শকরা ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির কোনো সমন্বিত কর্মসূচির প্রমাণ খুঁজে পায়নি।