ইরাকের উত্তরাঞ্চলীয় কুর্দিস্তান অঞ্চলের ইরবিল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছে।
আল জাজিরার সংবাদদাতা জানিয়েছেন, বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনার পর সেখানে বিমান বিধ্বংসী গোলাবর্ষণ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ড্রোনটিকে লক্ষ্য করে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছিল। তবে এই ঘটনার বিষয়ে মার্কিন বা ইরাকি কর্মকর্তাদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
নিরাপত্তা কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, মধ্যরাতের দিকে ইরাকের আধা-স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের ইরবিল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত মার্কিন স্থাপনাটি লক্ষ্য করে এই ড্রোনটি ছোড়া হয়। ক্রমবর্ধমান আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে এটি সর্বশেষ হামলার ঘটনা। বিমানবন্দরের কাছে অবস্থানরত মার্কিন কর্মীদের ব্যবহৃত একটি স্থাপনাকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়। প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর নিশ্চিত হওয়া যায়নি।
এর মাত্র কয়েক ঘণ্টা আগে বাগদাদে মার্কিন দূতাবাসের সীমানা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল। ওই ঘটনার পর ইরাকি প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি জড়িতদের খুঁজে বের করতে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দেন। ধারণা করা হচ্ছে, ইরবিলের এই ড্রোন হামলাটি ইরান বা ইরাকে সক্রিয় ইরান-ঘনিষ্ঠ মিলিশিয়াদের একটি প্রতিশোধমূলক পদক্ষেপ হতে পারে, যারা এর আগেও মার্কিন সামরিক ও কূটনৈতিক স্থাপনায় হামলা চালিয়েছে।
যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যে চলমান যুদ্ধ এবং এর ফলে পুরো অঞ্চলজুড়ে ছড়িয়ে পড়া পাল্টাপাল্টি হামলার কারণে ইরাক বর্তমানে চরম চাপের মুখে রয়েছে। এই ঘটনাগুলো ইরাককে আরও বেশি করে সংঘাতের দিকে টেনে নেওয়ার হুমকি সৃষ্টি করছে।