Image description

ইরানের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলেছে ইসরায়েল। শুক্রবার এক ব্রিফিংয়ে আইডিএফের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাভ শোশানি এ অভিযোগ করেন।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) দাবি, ক্লাস্টার বোমা ব্যবহারের মাধ্যমে যুদ্ধাপরাধ করছে ইরান। ইসরায়েলের সামরিক-বেসামরিক এলাকায় এ পর্যন্ত কয়েকবার এই বোমা ব্যবহার করেছে তারা। এটা যুদ্ধাপরাধ, কারণ আপনারা জানেন, বেসামরিক এলাকায় ক্লাস্টার বোমা ব্যবহার করা নিষিদ্ধ। আমরা পুরো পরিস্থিতি ট্র্যাক করছি।

তবে ইসরায়েলের তুলনায় ইরানে হতাহতের ঘটনা বেশি ঘটছে। হামলার শুরু থেকে এখন পর্যন্ত ইরানে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ১ হাজার ৩৩২ জনে। তেহরানের প্রধান বাণিজ্যিক বিমানবন্দর মেহরাবাদে ভয়াবহ বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তেহরানের বাসিন্দারা বিবিসি পার্সিয়ানকে জানিয়েছেন, ‘গত রাতটি ছিল এ পর্যন্ত সবচেয়ে ভয়াবহ রাত’ এবং তারা বর্ণনা করেছেন, প্রতি কয়েক ঘণ্টা পরপরই সেখানে হামলা চালানো হচ্ছে। আইআরজিসি পাল্টা ২৩তম দফা হামলার ঘোষণা দিলেও ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার তোড়ে তা কতটা কার্যকর হবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে স্পষ্ট করে বলেছেন, ইরানের সঙ্গে যে কোনো চুক্তির একমাত্র পূর্বশর্ত হলো আত্মসমর্পণ। তিনি বলেন, ‘ইরান গণতান্ত্রিক রাষ্ট্র হলো কি না তা নিয়ে আমি চিন্তিত নই; বরং তিনি এমন নেতৃত্ব খুঁজছেন যারা যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের মিত্রদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবে ‘

হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট দাবি করেছেন, আগামী ৪ থেকে ৬ সপ্তাহের মধ্যেই তারা লক্ষ্য অর্জন করবেন এবং ইরানের আকাশসীমা পুরোপুরি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে চলে আসবে।